বান্দরবানের লামা থানায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর প্রচারণা ও কটূক্তির অভিযোগে একটি এজাহার দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লামা পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা হলেন— লামা পৌরসভার রাজবাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম ফরহাদ, মধুঝিরি এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ জহিরুল ইসলাম, চেয়ারম্যান পাড়ার আব্দুল মোতালেবের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ সাঈদ খান, মোঃ ইমন, নয়াপাড়ার মোঃ মনির এর ছেলে মোঃ হাবিব এবং মেরাখোলা মুসলিম পাড়ার নজরুল ইসলাম শান্ত।
এজাহারে অভিযোগ করা হয়, গত ২ জুন ভোর ৬টার দিকে ১ নম্বর আসামি কামরুল ইসলাম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তা প্রচার করেন। সেখানে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে অশালীন, কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন। ভিডিওতে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করে পরোক্ষভাবে অকল্যাণ কামনার ইঙ্গিত দেন, যা জনমনে উত্তেজনা ও বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের পক্ষে উসকানিমূলক পোস্ট, মন্তব্য ও ভিডিওর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা চালাচ্ছেন বলেও বাদী দাবি করেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, শ্রমিকদল নেতা মোঃ শাহাদাত হোসেন একটি এজাহার জমা দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির বাড়ি লামা পৌরসভা এলাকায় হলেও ভিডিও বার্তাটি চট্টগ্রাম থেকে প্রচার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে লামা থানায় মামলা হয়েছে। শ্রমিকদল নেতার দায়ের করা এই মামলায় ৬ জনের নামসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে।



0 মন্তব্যসমূহ