জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে নিজের সুরক্ষার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হাসনাত আবদুল্লাহ বলেন, একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে সংবাদমাধ্যমের একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এই ঘটনার প্রেক্ষাপটে সংসদ সদস্যরাও কথা বলতে ভয় পাচ্ছেন উল্লেখ করে তিনি স্পিকারের প্রোটেকশন দাবি করেন।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বিদেশে টাকা পাচারকারী, মানুষের সম্পদ দখলকারী এবং বিগত সময়ে গুম-খুনকে বৈধতা দানকারীদের শক্তির উৎস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যারা ঋণখেলাপি এবং ব্যাংক দখল করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী প্রতিশোধপরায়ণ না হওয়াকে তিনি স্বাগত জানালেও গুম-খুনের বিচার ও আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধেও সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি নিয়ে শঙ্কা প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, সরকারের সমালোচনা বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে সংশ্লিষ্ট এলাকার বাজেট বন্ধ হয়ে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই আশঙ্কায় অনেকে সংসদে নিচু স্বরে কথা বলেন। নিজের এলাকার মানুষ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সেজন্য তিনি সংসদীয় সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদে নিজের নিরাপত্তা দাবি করলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় সম্পাদক জেলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরাও এখন কথা বলতে ভয় পাচ্ছি।



0 মন্তব্যসমূহ