জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এই অর্জনকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় আফ্রিকান ইউনিয়ন উল্লেখ করেছে যে, ড. খলিলুর রহমানের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও মর্যাদাকে আরও সুসংহত করবে। সংস্থাটি আরও জানায়, এই নির্বাচন বাংলাদেশের বৈশ্বিক উপস্থিতি বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে ড. খলিলুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসাও করেছে আফ্রিকান ইউনিয়ন।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশ পায় ৯৯টি ভোট এবং সাইপ্রাস পায় ৯১টি ভোট।
এই বিজয়কে বাংলাদেশের জন্য একটি বিশাল কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার বহিঃপ্রকাশ। আগামী সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। এই জয়কে বাংলাদেশের বড় কূটনৈতিক সাফল্য বলছে সংস্থাটি।



0 মন্তব্যসমূহ