মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গত মঙ্গলবার (২ জুন) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে শওকতুল ইসলাম শকু এমপি বলেন, তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন এবং তিনি বর্তমানে কেবল বাংলাদেশের নেতা নন, বরং বিশ্বনেতায় পরিণত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, যদি বিশ্বে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়, তবে ইনশাল্লাহ তারেক রহমানই সেই সম্মাননা পাবেন। বক্তব্যে তিনি তারেক রহমানকে হারানোর শঙ্কা প্রকাশ করে বলেন, উনাকে হারিয়ে ফেললে আমরা এতিম হয়ে যাব এবং আমাদের আশ্রয় দেওয়ার কেউ থাকবে না।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রহমানকে বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ও নোবেল পাওয়ার যোগ্য দাবি করে বক্তব্য দিয়েছেন মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু। কুলাউড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তার এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে।



0 মন্তব্যসমূহ