চীনের বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মুখপাত্র মাহদী আমিন জানান, এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করবেন। দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্পসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আজ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। প্রধানমন্ত্রীর এই সফরে ২৪ জন সফরসঙ্গী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন।
উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যান। সেখান থেকে গত বুধবার তিনি বেইজিং পৌঁছান। দ্বিপক্ষীয় এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পর আজই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



0 মন্তব্যসমূহ