মূলধারার গণমাধ্যমের কাজে যেকোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ বা অপরাধ ছাড়া কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না বলেও তিনি নিশ্চয়তা দেন। সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম সঠিকভাবে প্রচার করার জন্য তিনি সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।
সম্প্রতি রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হওয়া দুঃখজনক। এই হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, সমাজের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান কাজ। এই দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার কর্তব্য। দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি উপস্থিত সংবাদকর্মীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দিলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার। সাংবাদিকদের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে সুরক্ষার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।



0 মন্তব্যসমূহ