বরিশাল সেনানিবাসে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃতি সন্তান সেনা সদস্য (সার্জেন্ট) মো. সেলিম হোসেন (৩৫)। বুধবার (৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় ও সামরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) বরিশাল সেনানিবাসের ফার্মবেস-২ (সিকিউ) রেশন স্টোরে কর্মরত ছিলেন সার্জেন্ট সেলিম হোসেন। ডিউটিরত অবস্থায় হঠাৎ রেশন স্টোরের চালার টিন ভেঙে তার বুকের ওপর পড়লে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মী ও অন্যান্য সেনা সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিকেলে নিহত এই সেনা সদস্যের মরদেহ তার নিজ বাড়ি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল এলাকায় পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয়জনকে হারিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিকেল ৪টায় সেনাবাহিনীর একটি চৌকস দল মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সম্মান বা গার্ড অব অনার প্রদান করে। এরপর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পরিবার ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক প্রয়াণে পুরো ডোয়াইল ইউনিয়ন জুড়ে শোকের মাতম চলছে।
বরিশাল সেনানিবাসে ডিউটিরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত সার্জেন্ট মো. সেলিম হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে জানাজা শেষে সামরিক সম্মানে তাকে সমাহিত করা হয়।



0 মন্তব্যসমূহ