চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণের পাশাপাশি তারা জরুরি চিকিৎসাসেবা প্রদান করছে। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও আনোয়ারার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছেন। সাতকানিয়ায় বেসামরিক প্রশাসনকে ত্রাণ পরিবহনেও সহায়তা করছেন ১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।
অন্যদিকে, ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার দুর্গম ও বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ এবং জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। ফটিকছড়িসহ পার্শ্ববর্তী দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর এই চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণের পাশাপাশি দুর্গম এলাকায় বিনা মূল্যে জরুরি চিকিৎসাসেবা দিচ্ছে তারা।



0 মন্তব্যসমূহ